তালেবানে ইলমের সফলতার পথ’ তালেবে ইলমদের ব্যক্তিত্ব গঠন, যোগ্যতা বিকাশ ও সফল ভবিষ্যৎ নির্মাণের জন্য একটি দিকনির্দেশনামূলক গ্রন্থ। মূলত মাদরাসার শিক্ষার্থীদের সামনে ইলম অর্জনের সঠিক উদ্দেশ্য, জীবনের লক্ষ্য নির্ধারণ, আত্মপর্যালোচনা, অধ্যবসায়, ভাষাদক্ষতা, পাঠাভ্যাস, লেখালেখি, বিশেষ কোনো শাস্ত্রে গভীরতা অর্জন, আধুনিক জ্ঞান ও প্রয়োজনীয় কারিগরি দক্ষতা অর্জনের পাশাপাশি দ্বীনি ও নৈতিক গুণাবলি বিকাশের একটি বাস্তব রূপরেখা তুলে ধরা হয়েছে।
গ্রন্থটির বিশেষ বৈশিষ্ট্য হলো—এতে শুধু ইলম অর্জনের কথা বলা হয়নি; বরং একজন তালেবে ইলম কীভাবে নিজেকে যোগ্য, আত্মনির্ভর, সমাজোপকারী ও দ্বীনের জন্য কার্যকর ব্যক্তিত্ব হিসেবে গড়ে তুলবে, সে বিষয়েও বিস্তৃত পরামর্শ দেওয়া হয়েছে। নিয়ত, আখলাক, উস্তাদের সঙ্গে সম্পর্ক, সময়ের সদ্ব্যবহার, আত্মবিশ্বাস, সামাজিক দায়িত্ব, জনসেবা ও জীবনব্যাপী জ্ঞানচর্চার মতো বিষয়ও এতে গুরুত্ব পেয়েছে।
মূল উর্দু গ্রন্থের অনুবাদের পাশাপাশি বাংলা ভাষাভাষী তালেবে ইলমদের প্রয়োজন বিবেচনায় এতে দুটি পরিশিষ্ট সংযোজন করা হয়েছে এবং বিভিন্ন আয়াত, হাদিস ও বর্ণনার তাখরিজও যুক্ত করা হয়েছে। সেই সাথে ভাষা ও সাহিত্যে নিজেকে যোগ্য করে তোলার নানা টিপসও উল্লেখ করা হয়েছে। বিভিন্ন উপকারী বইয়ের একটি গুরুত্বপূর্ণ লিস্টও যুক্ত করা হয়েছে।
সব মিলিয়ে, এটি শুধু একটি বই নয়; বরং একজন তালেবে ইলমের ইলম, ব্যক্তিত্ব, দক্ষতা, কর্মজীবন ও দ্বীনি দায়িত্বকে সমন্বিতভাবে গড়ে তোলার একটি ব্যবহারিক রোডম্যাপ।