জীবন আসলে পরিবর্তনের আরেক নাম। এখানে কোনো অবস্থাই চিরস্থায়ী নয়। দুঃখের পর যেমন সুখ আসে, তেমনি সুখের পরও আসে নতুন পরীক্ষা। ঝড় যেমন আকাশকে চিরদিন ঢেকে রাখতে পারে না, তেমনি জীবনের কঠিন সময়ও একদিন কেটে যায়। বান্দার জীবনের এই পরিবর্তন ও পরীক্ষার চিরন্তন সুন্নাহ ব্যক্ত করে আহকামুল হাকিমিন পবিত্র কুরআনে এরশাদ করেছেন-'তোমাদের যদি আঘাত লেগে থাকে, তবে তাদেরও অনুরূপ আঘাত (ইতঃপূর্বে) লেগেছিল। এ তো দিন-পরিক্রমা, যা আমি মানুষের মধ্যে পালাক্রমে বদলাতে থাকি।' (আলে ইমরান, সুরা ৩. আয়াত ১৪০)
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, 'জেনে রাখো, যা তোমার অপছন্দ তা ধৈর্য ধরে সহ্য করার মাঝে লুকিয়ে আছে অফুরন্ত কল্যাণ। আরও জেনে রাখো, বিজয়ের আগমন ঘটে ধৈর্যের হাত ধরে, পরম স্বস্তি আসে কঠিন কষ্টের পর, আর নিশ্চয়ই প্রতিটি কষ্টের সাথেই জড়িয়ে রয়েছে স্বস্তি।' (জামে তিরমিজি, হাদিস ২৫১৬; মুসনাদে আহমাদ, হাদিস ২৮০৩)
তাই প্রতিটি মুহূর্তে ধৈর্য, আশা, কৃতজ্ঞতা ও সৎকর্মকে সঙ্গী করে এগিয়ে চলাই একজন প্রজ্ঞাবান মানুষের পরিচয়।
জীবনের প্রতিটি অভিজ্ঞতা— আনন্দের হোক বা বেদনার—মানুষকে পরিণত করে, আত্মাকে শুদ্ধ করে এবং ভবিষ্যতের পথচলার জন্য নতুন শক্তি ও প্রজ্ঞা দান করে। যে মানুষ প্রতিকূলতার মাঝেও আশা হারায় না, ব্যর্থতার মাঝেও শিক্ষা খুঁজে নেয় এবং সুখের সময়েও বিনয়ী থাকে, প্রকৃত অর্থে সফলতা তারই জীবনে ধরা দেয়। এই বইটিতে আমরা জীবনের কঠিন মুহূর্তগুলোতে সান্ত্বনা খুঁজে পাব, ইনশাআল্লাহ।