প্রত্যেক বস্তুই চেনার নিদর্শন আছে, আর ঈমানের বড় নিদর্শন হলো নামায। সুতরাং ঈমান গ্রহণের পর সর্বপ্রথম ফরজটিই হলো নামায আদায় করা। যেহেতু নামায দুনিয়ার সমস্ত পাপের কালিমা থেকে বান্দাহকে নিয়ে আসে মুক্তির মোহনায়। অতএব নামায যে, সর্বশ্রেষ্ঠ ইবাদত তা অন্য কোনো দলীল প্রমাণের মাধ্যমে আলোচনার অবকাশ রাখে না। তবে এ নামায রব্বুল আলামীনের দরবারে পছন্দনীয় হওয়ার জন্য বাহ্যিক ও আত্মিক পরিছন্নতা ও পবিত্রতা একান্ত জরুরী। কেননা হাদীস শরীফে এরশাদ হয়েছে- مفتاح الجنة البصلاة ومفتاح الصلاة الطهور জান্নাতের চাবি হলো নামায আর নামাযের চাবি হলো পবিত্রতা। কিন্তু অত্যন্ত দুঃখ আফসোস ও ক্ষোভের সাথে বলতে হয় যে, ইসলামের এ সর্বোৎকৃষ্ট ইবাদতের ব্যাপারে মুসলিম মিল্লাত আজো চরমভাবে উদাসীন। এমনকি আলেম সমাজও। তবে রাব্বুল আলামীনের অত্যান্ত মেহেরবানী যে, নামায সম্পর্কিত এসব উদাসীনতা ও গাফলতের সুচিকিৎসা হিসেবে 'নামাযের গোপন রহস্য বা মুমিনের ডায়েরী' নামে একখানা কিতাব রচিত ও সংকলিত হয়েছে।