আমি তালা খুলে ঘরে পা দিয়েই অবাক হয়ে গেলাম। আমার বিছানা ও বই গুছিয়ে সুন্দর করে বাঁধা। আমি বুঝতে পারলাম আমাকে বিদেয় করার সব ব্যবস্থাই আমার অভিভাবকগণ প্রস্তুত করে রেখেছেন। আমি মুহূর্তমাত্র বিলম্ব না করে বিছানাটা তুলে নিলাম। বই পত্রের ব্যাপারে আমার আর কোনো আগ্রহই ছিল না। আমি শুধু বিছানাটা নিয়েই স্টেশনের দিকে ছুটতে লাগলাম। কারণ ঢাকাগামী মেল ট্রেনটা তখন আউটার সিগন্যালের কাছে সিটি দিচ্ছে। যে ট্রেন আমাকে আত্মীয়তা ও মানুষের প্রতি নির্ভরতার শেষ স্টেশন থেকে চিরকালের জন্য তুলে নিয়ে নিরুদ্দেশের দিকে পাড়ি জমালো।