যাকাত হ্যান্ডবুক
সম্পদের যাকাত কেন দিই না? সম্পদ কমে যাবে বলে? খোসা না ফেললে ফল খাওয়া যায় না। আঁশ না ছাড়ালে মাছ রান্না করা যায় না। সাদা চোখে অনেক কিছুকে ‘কমে’ যাওয়া মনে হলেও প্রকৃত চিত্রটি আসলে তা নয়। যাকাত দিলে আমরা ঠকি না; এতে সম্পদ কমে না, বরং বাড়ে। বলেছেন সম্পদের স্রষ্টা, মালিক ও মহান দাতা আল্লাহ।
যাকাতের আধুনিক প্রয়োগ
আমাদের সমাজে যাকাতদাতার সংখ্যা বাস্তবে যেমন হওয়া দরকার, সেভাবে কিন্তু নেই। আবার যারা যাকাত দিচ্ছেন, তাদের অনেকেই সঠিক নিয়ম মেনে তা আদায় করছেন না। আমার জানামতে—যদিও এর ওপর সুনির্দিষ্ট কোনো জরিপ নেই; তবে এক যুগেরও অধিক সময় ধরে যেহেতু আমি ফাতোয়া বিভাগে কাজ করছি, সেই সুবাদে নানা মানুষের সাথে কথা বলার মাধ্যমে এ অভিজ্ঞতাটুকু অর্জিত হয়েছে।যাকাত প্রসঙ্গে আমাদের সমাজে বিদ্যমান বেশ কিছু সমস্যা সামনে রেখে বইটি রচনা করা হয়েছে। বিশেষত আধুনিক যুগের নতুন ধরণের নানা রকম অর্থ ও সম্পদের ওপর যাকাতের প্রয়োগ ও হিসাব এই বইয়ের প্রধানতম আলোচ্য বিষয়।প্রাচীন ফকিহগণের ভাষ্যের পাশাপাশি সমকালীন ফকিহগণের মত উল্লেখ করা হয়েছে। বিভিন্ন শরিয়া বোর্ডের সিদ্ধান্ত উল্লেখ করা হয়েছে। কোথাও মতভেদ হলে, যে মতের মাধ্যমে দরিদ্রদের উপকার ও কল্যাণ অধিক নিশ্চিত হয়, যে মতের মাঝে অধিক সতর্কতা বিদ্যমান—সেই মত গ্রহণ করার প্রস্তাব করা হয়েছে। তবে যাকাতদাতাদের স্বার্থও লক্ষ রাখা হয়েছে। প্রচলিত কোনো মাসআলার কারণে তাদের জন্য কঠিন অবস্থা সৃষ্টি হয়ে থাকলে, সেক্ষেত্রে অন্যান্য নির্ভরযোগ্য মত প্রস্তাব করা হয়েছে।