কুরআনের মর্যাদা
প্রকৃতপক্ষে আজ আমরা এ অমূল্য নেয়ামত ও ধন কুরআনে কারীমের মূল্য-মর্যাদা বুঝি না। আমাদের শিশুরা কুরআনে কারীম পড়ে, হিফয করে, আলহামদুলিল্লাহ এ উপলক্ষ্যে আমরা যথাসাধ্য আনন্দ অনুষ্ঠানের আয়োজন করি। কিন্তু সত্যি বলতে ইহ জীবনে এ কুরআনে কারীমের প্রকৃত মূল্য- মর্যাদার সঠিক ধারণা আমার-আপনার কারও হতে পারে না। কারণ, আল্লাহ তা'আলা কুরআনে কারীমের এ মহা দৌলত আমাদেরকে ঘরে বসিয়েই দান করেছেন। এ মহা দৌলত লাভের জন্য, এ নেয়ামত হাসিলের জন্য আমাদেরকে কোনো ধরণের চেষ্টা সাধনা করতে হয়নি। দিতে হয়নি কোনো প্রকার শ্রম। আমরা এর জন্য কোনো কষ্ট স্বীকার করিনি। কোনো ত্যাগ স্বীকার করিনি। কোনো টাকা-পয়সা খরচ করিনি। জানমালের কোনো কুরবানিই এর জন্য আমরা পেশ করিনি।