ইতিহাস কেবল ধূসর অতীতের সাল-তারিখ, যুদ্ধ-বিগ্রহ কিংবা প্রাণহীন বর্ণনার নাম নয়; ইতিহাস হলো যুগান্তরের জীবন্ত আয়না। অতীত মানুষের হাসি-কান্না, উত্থান-পতন, সততা আর বিশ্বাসঘাতকতার যে বাস্তব চিত্র ইতিহাসের পাতায় লুকিয়ে থাকে, তা যেকোনো রূপকথার চেয়েও রোমাঞ্চকর। আর সেই ইতিহাস যখন গল্পের তুলিতে রঙিন হয়ে আমাদের সামনে আসে, তখন তা হয়ে ওঠে আরও আকর্ষণীয়, আরও হৃদয়গ্রাহী। বিশ্বনন্দিত আরবি কথাশিল্পী, প্রখ্যাত স্কলার ও শাইখ আলী তানতাওয়ী আল-মিসরী -এর অসামান্য সৃষ্টি “হিকায়াত মিনাত-তারিখ" এমনই এক কালজয়ী গ্রন্থ। এই বইটিতে তিনি ইসলামের সোনালি ইতিহাসের পাতা থেকে এমন সব বাস্তব ঘটনা তুলে এনেছেন, যা পড়লে মনে হবে বুঝি কোনো নিপুণ জাদুকর গল্পের ছলে আমাদের অতীত ভ্রমণে নিয়ে গেছেন। এখানে শুষ্ক ইতিহাস পেয়েছে সাহিত্যের সুমিষ্ট রস।