পৃথিবীর মানুষকে আল্লাহ্ রাব্বুল আলামীনের নিষিদ্ধ পথ থেকে তথা জাহান্নামের ও চির অকল্যাণের পথ থেকে ফিরিয়ে এনে শান্তি ও চির কল্যাণময় জান্নাতের পথে পরিচালিত করার জন্য পৃথিবীর শুরু থেকে শতাব্দীর প্রান্তে প্রান্তে, আল্লাহ্ প্রেরিত রাসূল ও নবীগণের আবির্ভাব ঘটেছে এবং বিশেষভাবে আখেরী নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইন্তিকালের পর থেকে আউলিয়াগণ বিভিন্ন স্থানে নায়েবে নবী রূপে আবির্ভূত হয়েছেন এবং তাঁরা বিপথগামী মানুষকে সত্য, সুন্দর ও চিরকল্যাণের পথে পরিচালিত করে গেছেন। আউলিয়াগণের প্রদর্শিত পথ অবশ্যই আল্লাহ্ এবং আল্লাহ্র রাসূলগণের প্রদর্শিত পথের সঙ্গে মূলত অভিন্ন ও এক। কিন্তু যুগ অনুযায়ী কাজ করতে গিয়ে তাঁরা কখনো মূল ইসলামের উদ্দেশ্য এবং লক্ষ্যকে অভিন্ন রেখে, তার বিধি-বিধানকে একটুখানি যুগোপযোগী করে পেশ ও পরিবেশন করেছেন। যার জন্য মূল আদর্শ, লক্ষ্য ও রীতিনীতি এক হলেও বিভিন্ন তরীকার নিয়ম ও আচারে সামান্য কিছু পার্থক্য কখনো কখনো লক্ষ্য করা গেছে।